ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর ব্রাহ্মণবাড়িয়ার হামলার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ায় হামলার শিকার হয়েছেন তিনি। রোববার ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এই হামলার ঘটনায় নুর ছাড়াও ফারুক হাসান, রাতুলসহ বেশ কয়েকজন ওই হামলার শিকার হন বলে জানান কোটা আন্দোলনের সংগঠক নাজমুল হোসেন। হামলায় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ।
আহতদের মধ্যে ভিপি নুরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর একটি মাইক্রোবাসে করে ঢাকায় পাঠানো হয়েছে।
পড়ুন: ছাত্রলীগ নেতা রউফের নির্দেশে নুরের উপর হামলা

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনের বগুড়া জেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব অভিযোগ করে জানান, প্রশাসনের অনুমতি নিয়ে বগুড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন তারা। অনুষ্ঠানে ডাকসু ভিপিকে প্রধান অতিথি করা হয়েছিল।
অনুষ্ঠানের খবর পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে অবস্থান নেয়। এর আগে পুলিশকে দিয়ে অনুষ্ঠান না করার জন্য হুমকি দেয় তারা। বিকাল ৫টার দিকে নুরকে বহনকারী মাইক্রোবাস অনুষ্ঠানস্থলে আসে। এ সময় ভিপি নুরসহ তার সফর সঙ্গীরা মাইক্রোবাস থেকে নামলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়।
ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরসহ তার সফরসঙ্গীদের কিলঘুষি ও লাঠিপেটা শুরু করে। এ সময় হামলার দৃশ্য ভিডিওধারণ করায় যমুনা টিভির ক্যামেরাপার্সন শাহনেওয়াজকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজ হাসান ভিপি নুরকে উদ্ধার করে রিকশায় হাসপাতালে পাঠান। পুলিশ কর্মকর্তা জানান, ৩০-৪০ জন অতর্কিতভাবে হামলা চালিয়েছে। কিন্তু তাৎক্ষণিক তাদের চেনা যায়নি।
ছাত্রলীগের হামলায় গুরুতর আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হাসান। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পৌর পার্ক মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আমাদের একটি ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আমরা উপস্থিত হলে লাঠিশোটাসহ একদল ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। এতে আমি, ভিপি নুর, রাতুল, আবিদ, রুবেলসহ কয়েকজন গুরুতর আহত হন। এরমধ্যে নুর সবচাইতে বেশি আঘাত পেয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এখানে একটি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। কিন্তু সেখানেও ছাত্রলীগের হামলার আশঙ্কা থাকায় অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওনা দিয়েছি।’
পড়ুন: এই দেশ কি শুধুই ছাত্রলীগের?
এদিকে ভিপি নুরের মোবাইল নম্বরে ফোন করা হলে তার ফোনটি রিসিভ করেন নুরের বন্ধু এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতা রুবেল।
রুবেল বলেন, সারা দেশে চলমান সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে বগুড়াতে আমাদের ইফতার মাহফিল ছিল। সেখানে অংশ নিতে ভিপি নুর, ফারুকসহ অন্যরা পৌর পার্কের সামনে অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে নুর, ফারুকসহ কয়েকজন গুরুতর আহত হন।
এর আগে শনিবার বিকালে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরের ইফতার মাহফিল অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। পুলিশি প্রহরায় ভিপি নুর অনুষ্ঠানস্থলে গেলেও রেস্টুরেন্টে তালা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রাস্তায় ইফতার করেন নুর ও সতীর্থরা। সে সময় ভিপি নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা কেন এমন উগ্র আচরণ করছে এটি আমাদের বোধগম্য নয়। বিষয়টি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে জানিয়েছি। যদি আমাদের সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা থাকত তাহলে তো প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে যেতেন না। আমরা আশা করি যারা ছাত্রলীগের দায়িত্বে আছেন তারা তাদের উগ্র এবং অতিউৎসাহী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
পড়ুন: স্বপ্ন বিসিএস ছিল না, সম্মান রক্ষায় ক্যাডার হচ্ছেন তরুণরা!
মূলত ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সেই হামলার বিষয়টা সুরাহা হওয়ার আগেই বগুড়ায় এই হামলা হলো।
পড়ুন: এই দেশ কি শুধুই ছাত্রলীগের?
পড়ুন: টিউশনির সম্মানী পাওয়া নিয়েও দুশ্চিন্তায় হাজারো শিক্ষার্থী